স্বর্ণের ব্যবসার ফাঁদে ১৪ কোটি লুট, গ্রেফতার প্রতারক সৌমেন
যৌথ ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রায় ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎের অভিযোগে সৌমেন সাহা নামের এক প্রতারককে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকালে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তীর সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত সৌমেন সাহার। করোনা মহামারির সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। এর সুযোগ নিয়ে ২০২৩ সালে দুবাই থেকে স্বর্ণ আমদানির কথা বলে সৌমেন ৫০ লাখ টাকা ধার নেন। এরপর গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামে একটি দোকান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরও ৪ কোটি ৩০ লাখ টাকা নেন। এভাবে বিভিন্ন সময় নগদ অর্থ ও চেকের মাধ্যমে তিনি মোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নেন।
বিনিয়োগের টাকা ফেরত চাইলে সৌমেন কৌশলে টালবাহানা করতে থাকেন এবং এক পর্যায়ে ওই ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তী গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হাতিরঝিল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তাকে আদালতে পাঠানো হয়েছে।

