বিশ্বকাপ জয়ের উল্লাসে শোক: মেক্সিকোতে পদদলিত হয়ে ৩ জনের মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৬ ৬:০৪ এএম
বিশ্বকাপ জয়ের উল্লাসে শোক: মেক্সিকোতে পদদলিত হয়ে ৩ জনের মৃত্যু

ফুটবল বিশ্বকাপে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে মেক্সিকো। এই ঐতিহাসিক জয়ের পর রাজধানী মেক্সিকো সিটিতে উদযাপনের জোয়ার দেখা গেলেও তা শেষ হয়েছে বড় শোকে। প্রচণ্ড জনসমাগমের মধ্যে পদদলিত হয়ে শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪৪ বছর বয়সী এক পুরুষ, ৪৮ বছর বয়সী এক নারী এবং ১৯ বছর বয়সী এক তরুণী রয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে মেক্সিকো সিটির প্রাণকেন্দ্র ‘পাসেও দে লা রিফর্মা’ অ্যাভিনিউতে হাজার হাজার সমর্থক জড়ো হন। উদযাপনের এক পর্যায়ে অনেকেই অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবা দল। প্যারামেডিক, দমকলকর্মী ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ওই তিনজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা। তাদের মধ্যে দুজনকে রিফর্মা এলাকায় এবং অন্যজনকে জুয়ারেজ এলাকার বার্না স্ট্রিট থেকে উদ্ধার করা হয়েছিল।

এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন মেক্সিকো সিটির গভর্নর ক্লারা ব্রুগাদা মোলিনা। এক বিবৃতিতে তিনি বলেন, সব ধরনের চিকিৎসা প্রোটোকল অনুসরণ করা হলেও দুঃখজনকভাবে তাদের প্রাণ বাঁচানো যায়নি। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি উদযাপনের সময় দায়িত্বশীলতা ও সতর্কতা অবলম্বনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই অ্যাভিনিউ দেশটির বড় সমাবেশের জন্য সুপরিচিত হলেও এবার উল্লাসের মাঝেই এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...