বাংলাদেশ-মরক্কো বাণিজ্য: আফ্রিকা-ইউরোপে নতুন দরজা খুলছে
বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো। গত বুধবার (১ জুলাই) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালির সৌজন্য সাক্ষাতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান কূটনৈতিক আলোচনার ধারাবাহিকতায় ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মরক্কোর রাষ্ট্রদূত তার দেশকে আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের কৌশলগত কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই সুবিধা কাজে লাগিয়ে তৈরি পোশাক, ওষুধশিল্প এবং সামুদ্রিক খাতে দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগ ও উদ্যোগ গ্রহণ করা সম্ভব। এছাড়াও বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের বিষয়েও আগ্রহের কথা জানান তিনি। বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, জাহাজ নির্মাণ শিল্প এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় কর্মসূচি সম্প্রসারণ, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি এবং নিয়মিত দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

