বাংলাদেশকে আফ্রিকা-ইউরোপের হাব হিসেবে ব্যবহারের প্রস্তাব মরক্কোর
আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশের সঙ্গে যৌথ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মরক্কো। এ লক্ষ্যে বুধবার রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর নতুন রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান সহযোগিতার ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, তৈরি পোশাক, পাট, সামুদ্রিক খাত, জাহাজ নির্মাণ এবং জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সম্পর্ক জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়। মরক্কোর রাষ্ট্রদূত জানান, আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের ক্ষেত্রে মরক্কো একটি কৌশলগত কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। তিনি তৈরি পোশাক, ওষুধ ও সামুদ্রিক খাতে দুই দেশের উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির প্রস্তাব দেন। এছাড়া দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের বিষয়েও ঢাকার প্রতি সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বা পিপল-টু-পিপল কনট্যাক্ট বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি ক্রীড়া ও সংস্কৃতি বিনিময়ের পাশাপাশি পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির মাধ্যমে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান। এ সময় মরক্কোর রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে সরকারের পক্ষ থেকে সর্বোতভাবে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।

