ঢাকায় ছিনতাই আতঙ্ক: প্রাণ গেল দুই নারীর, অবনতি নেই বলছেন মন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০২ জুলাই ২০২৬ ৮:১৭ এএম
ঢাকায় ছিনতাই আতঙ্ক: প্রাণ গেল দুই নারীর, অবনতি নেই বলছেন মন্ত্রী

রাজধানীজুড়ে ছিনতাইয়ের মহড়া দিন দিন বেড়েই চলেছে, যা এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এই অপরাধের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন দুই নারী। তারা হলেন দিনাজপুরের পার্বতীপুরের বাসিন্দা ও ওষুধ কোম্পানির কর্মকর্তা ৪২ বছর বয়সী সোহেলি ইসলাম এবং উত্তরার বাসিন্দা ২১ বছর বয়সী মুক্তা আক্তার। ছিনতাইকারীদের হামলার পর দুজনেই রিকশা থেকে পড়ে গুরুতর আহত হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

গত ৭ জুন ভোররাতে গাবতলী থেকে বাসায় ফেরার পথে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত সোহেলি ইসলামের ব্যাগ ছিনিয়ে নেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে মাথায় ও হাতে গুরুতর আঘাত পান। চিকিৎসাধীন অবস্থায় ১১ জুন তার মৃত্যু হয়। অপরদিকে, ঈদুল ফিতরের আগে উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশনের নিচে একটি প্রাইভেটকার থেকে মুক্তা আক্তারের ব্যাগ ছিনতাই করা হলে সড়কে পড়ে তিনি নিহত হন।

এই ধরনের ঘটনায় নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে। মধ্যরাত বা ভোরে বাইরে বের হলেই সাধারণ মানুষ এখন আতঙ্কিত থাকেন। অনেকে আইনি ঝামেলায় জড়িয়ে না যেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেই ক্ষান্ত দিচ্ছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায় অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এর কোনো অবনতি হয়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...