অনলাইনে উচ্চ মুনাফার ফাঁদে টাকা লুট, গ্রেফতার ৬ প্রতারক
রাজধানীতে অনলাইন ভিত্তিক বিনিয়োগ প্রতারণা চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযুক্তরা সাধারণ মানুষকে দ্রুত ও বিশাল মুনাফার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিতে এই প্রতারণা চক্র গড়ে তুলেছিল।
বুধবার (১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলার ভিত্তিতে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায়, এই চক্রটি আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং শায়খ আহমাদুল্লাহর নাম ও ছবি অবৈধভাবে ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করেছিল। তারা জনপ্রিয় কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের আদলে প্রায় একই রকম ডোমেইন তৈরি করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করতো।
গ্রেফতারকৃতরা হলেন—মো. বাবলু ওরফে সূর্য (২৪), মো. শাহিন (২১), মো. তুষার মিয়া (২৫), মো. আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), মো. লিখন ওরফে ইমন (২২) এবং মো. শাকিল রানা (৩০)। এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।

