বাণিজ্য ও বিনিয়োগে মরক্কোর সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা ঢাকার
আফ্রিকার দেশ মরক্কোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ। তৈরি পোশাক, ওষুধশিল্প, সামুদ্রিক খাত এবং জনশক্তি রফতানির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে আগ্রহী উভয় দেশ। বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালির সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে মরক্কোর রাষ্ট্রদূত তার দেশকে ইউরোপ ও আফ্রিকার বাজারে প্রবেশের কৌশলগত কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। তিনি এই সুবিধা কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগ এবং যৌথ উদ্যোগ গড়ে তোলার প্রস্তাব দেন। এছাড়া বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগের প্রতিও আগ্রহ প্রকাশ করেন তিনি। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তি খাতেও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি এবং উচ্চ পর্যায়ের সফর বাড়ানোর মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

