ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছর: আধুনিক শিক্ষায় গুরুত্বের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩০ জুন) এক বিবৃতিতে তিনি এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।
বিবৃতিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯২১ সাল থেকে এই বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বের ভূমিকা ছিল অপরিসীম। তিনি বলেন, এবারের প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ সম্পূর্ণ সময়োপযোগী।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা কারিকুলাম আধুনিকায়নের ওপর জোর দেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং এবং ফাইভ-জি প্রযুক্তির মতো আধুনিক বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বিকল্প নেই। তিনি শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না করে কর্মদক্ষতা ও প্রায়োগিক জ্ঞানের ওপর গুরুত্ব দিতে বলেন।
শিল্প প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ এবং বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে উদ্ভাবনে জোর দেওয়ার কথা বলেন তিনি। এছাড়া বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করারও পরামর্শ দেন তিনি।

