মধ্য আফ্রিকায় অবদানের স্বীকৃতি, বাংলাদেশিদের জাতীয় সম্মাননা

প্রাইম বার্তা অনলাইন
০১ জুলাই ২০২৬ ২:২৯ এএম
মধ্য আফ্রিকায় অবদানের স্বীকৃতি, বাংলাদেশিদের জাতীয় সম্মাননা

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্যকে দেশটির মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননায় ভূষিত করা হয়েছে। শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গত ১০ জুন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জারি করা অধ্যাদেশের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।

এই সম্মাননা প্রাপ্ত সামরিক কর্মকর্তারা হলেন সেক্টর ইস্ট কমান্ডার ও জ্যেষ্ঠ জাতীয় প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা, বিএএনএসএফসি-১০-এর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিবুল হাসান, সেক্টর কমান্ডারের সামরিক সহকারী মেজর ইমরুল হাসান অয়ন এবং দোভাষী ক্যাপ্টেন মো. শাকওয়াত হোসেন সরকার। তাঁরা জাতিসংঘের মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশনের (MINUSCA) অংশ হিসেবে দায়িত্ব পালন করছেন।

সপ্তম প্রজাতন্ত্রের নির্বাচন উপলক্ষে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি দুই দেশের সামরিক সহযোগিতা জোরদারে বিশেষ অবদান রাখায় তাঁরা এই সম্মান লাভ করেন। বিশেষ করে বিএএনএসএফসি-১০ দূর্গম ও স্পর্শকাতর জাংবা এলাকায় নির্বাচন কমিশনের কার্যালয়ের নিরাপত্তা ও সেন্ট্রাল আফ্রিকান আর্মড ফোর্সেস (FACA)-কে সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অসাধারণ পেশাদারিত্বের জন্য এফএসিএ সেনাপ্রধান কন্টিনজেন্ট কমান্ডারকে পৃথকভাবে প্রশংসাপত্রও প্রদান করেছেন।

আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারত্ব ও সুনাম আরও একবার প্রমাণিত হলো এই সম্মাননার মাধ্যমে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার ও দক্ষতা এই স্বীকৃতিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...