অতিরিক্ত বিদ্যুৎ বিল: অভিযোগ যাচাই ও ব্যবস্থা নিতে নির্দেশ
চলতি বছরের জুন মাসে স্বাভাবিকের তুলনায় বিদ্যুৎ বিলের হার অস্বাভাবিক বেশি বলে অভিযোগ ওঠার পর বিষয়টি আমলে নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রাহক হয়রানি রোধে অতিরিক্ত বিলের অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, জুন ২০২৬ মাসের বিল অন্যান্য মাসের তুলনায় বেশি আসার যে অভিযোগ পাওয়া গেছে, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। কোনো গ্রাহকের বিল অযৌক্তিক মনে হলে তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়া নির্ধারিত হটলাইন নম্বরে কল করেও এ সমস্যার সমাধান পাওয়া যাবে। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন নম্বর ১৬৯৯৯।
আঞ্চলিক ভিত্তিতে বিভিন্ন সংস্থার জন্য আলাদা হটলাইন নম্বর নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কল সেন্টার ১৬২০০, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (পবিবো) জন্য ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) গ্রাহকরা ১৬১১৬, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) জন্য ১৬১২০, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) গ্রাহকরা ১৬৬০৩ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) হটলাইন নম্বর ১৬১১৭-এ যোগাযোগ করতে পারবেন।

