বাজেট ঘাটতি ২ লাখ কোটি ছাড়িয়ে, চীন সফর নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
প্রতিটি বাজেট ঘোষণার সময় সরকার নানা প্রতিশ্রুতি ও স্বপ্ন দেখালেও বাস্তবে তা পূরণ হয়না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, বছর শেষে এই স্বপ্নভঙ্গের পরিণতি সাধারণ মানুষকেই সহ্য করতে হয়। গত সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থবিলের সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য রুমিন ফারহানা প্রস্তাবিত বাজেটের হিসাব তুলে ধরে বলেন, এবার মোট ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, কিন্তু আয় বরাদ্দ রাখা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। তিনি অভিযোগ করেন, রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, বাস্তবে তা অর্জন করা সম্ভব হয়না, ফলে প্রকৃত ঘাটতি আরও বাড়ে এবং দেশকে ঋণের ওপর নির্ভরশীল হতে হয়। এ সময় তিনি প্রধানমন্ত্রীর চীন সফরের প্রসঙ্গ তুলে জানতে চান, সেখান থেকে কোনো ঋণ বা বিনিয়োগের আশ্বাস এসেছে কিনা। পররাষ্ট্রমন্ত্রীর সেই মন্তব্যেরও সমালোচনা করেন যেখানে তিনি বলেছিলেন, ‘আমরা কি কেবল চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে?’
এই সাংসদ আরও বলেন, দেশ বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা এবং রাজস্ব আহরণে বড় ঘাটতির মতো সমস্যার মুখোমুখি। এর সাথে যুক্ত হয়েছে খেলাপি ঋণ বৃদ্ধি, ব্যাংক খাতে তারল্য সংকট এবং জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতা। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকারের সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলেও তিনি মনে করেন।

