বৈশ্বিক অপরাধ দমনে আন্তর্জাতিক তথ্য ভাগাভাগির ওপর গুরুত্ব পুলিশের
ট্রান্সন্যাশনাল অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা ও তথ্য ভাগাভাগি জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ পুলিশ। এ উদ্দেশ্যে সোমবার (২৯ জুন) রাজধানীর একটি হোটেলে প্রথমবারের মতো আয়োজিত হয় ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি কোঅপারেশন, ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অব বাংলাদেশ পুলিশ’ শীর্ষক এক সমন্বয় সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় সাইবার অপরাধ, ডিজিটাল জালিয়াতি, মানবপাচার, সন্ত্রাসে অর্থায়ন, অনলাইন জুয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-নির্ভর অপরাধ, ডিপফেক এবং ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার মতো সমস্যাগুলোকে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়। এসব মোকাবিলায় আইজিপি মো. আলী হোসেন ফকির জানান, বাংলাদেশ পুলিশ এখন শুধু অভ্যন্তরীণ নিরাপত্তাই নয়, বরং বিশ্বব্যাপী নিরাপত্তা ব্যবস্থারও অবিচ্ছেদ্য অংশ। তাই আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ছাড়া কার্যকর পুলিশিং সম্ভব নয়।
স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী মন্তব্য করেন, দেশের সীমানা পেরিয়ে যাওয়া অপরাধ ঠেকাতে প্রতিবেশী ও অন্যান্য দেশের সাথে তথ্য বিনিময় ও যোগাযোগ বাড়ানো জরুরি। অন্যদিকে, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগের কাজের প্রশংসা করে বিদেশস্থ কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

