ক্রিকেটার নাঈমকে হেনস্তা: তদন্তে দায়ী সাব্যস্ত ৩ পুলিশ, সুপারিশ শাস্তির

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ১০:৫১ পিএম
ক্রিকেটার নাঈমকে হেনস্তা: তদন্তে দায়ী সাব্যস্ত ৩ পুলিশ, সুপারিশ শাস্তির

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। রোববার (২৮ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।

সিএমপি কমিশনার জানান, তদন্তে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দায় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এর আগে প্রাথমিক তদন্তে অপেশাদার আচরণের অভিযোগে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ভূঁইয়া ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। চূড়ান্ত প্রতিবেদনে এই দুইজনসহ আরও একজনকে অভিযুক্ত করে মোট তিনজনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আর নতুন করে কোনো তদন্ত হবে না এবং এই প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত ১২ জুন রাতে নগরের লালখান বাজার মোড়ে অটোরিকশা আটকে বিমানবন্দর থেকে বাড়ি ফেরা নাঈম হাসানকে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় তার সঙ্গে খারাপ ব্যবহার ও মারধরের অভিযোগ ওঠে। পরে বিসিবি কর্মকর্তা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপে তিনি মুক্তি পান। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে পুলিশ সদস্যদের আচরণগত ও মানবিক বিষয়ে বিশেষ প্রশিক্ষণ, নিয়মিত ব্রিফিং এবং মোটিভেশনাল সেশনসহ সাত দফা সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...