নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ টিআইবির
দেশের নারী ও কিশোরীদের যৌন এবং প্রজনন স্বাস্থ্যসেবার (এসআরএইচআর) মান উন্নয়ন ও এতে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন প্রকল্প শুরু করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। লক্ষ্মীপুর ও নীলফামারী জেলার ১৬টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ প্রকল্পের মাধ্যমে সেবার গুণগত মান যাচাই এবং অনিয়ম রোধে কাজ করা হবে। রোববার (২৮ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক কর্মশালায় প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ ন্যায্য সেবা পায়নি। তবে বর্তমান সরকার স্বাস্থ্য খাতে সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন যে, টিআইবির এই উদ্যোগ সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে এবং মাঠ পর্যায় থেকে নীতি পর্যায় পর্যন্ত সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী এই প্রকল্পকে সময়োপযোগী আখ্যা দিয়ে বলেন, পাইলট প্রকল্প হিসেবে লক্ষ্মীপুর ও নীলফামারী জেলা নির্বাচন যৌক্তিক হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা বলেন, মাঠ পর্যায়ের সমস্যাগুলো সরকারের সাথে ভাগাভাগি করলে তা দ্রুত সমাধান সম্ভব হবে, যা ভবিষ্যতে অন্যান্য কেন্দ্রেও প্রয়োগ করা যাবে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত হয়ে বলেন, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি ইতিবাচক হলেও দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ব্যয় নিশ্চিত না করলে তার সুফল আসবে না। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সব অংশীজনের সহযোগিতা অত্যন্ত জরুরি।

