বন্দরের মালিকানা রক্ষায় এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবি

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ১২:২৭ এএম
বন্দরের মালিকানা রক্ষায় এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে বন্দর রক্ষা কমিটি। রোববার (২৮ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই উদ্যোগ বন্ধের জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানায়। জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে বন্দরটির মালিকানা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতেই রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বন্দর রক্ষা কমিটির চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, দেশের ৯০ শতাংশ আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রবেশদ্বার এই বন্দর। দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার আলোচনা চূড়ান্ত পর্যায়ে থাকলেও এটি জাতীয় স্বার্থের পরিপন্থী। তিনি দেশীয় ব্যবস্থাপনার সফলতার প্রমাণ হিসেবে জানান, এনসিটির বার্ষিক সক্ষমতা ১১ লাখ টিইউসের বিপরীতে বর্তমানে তা ১৩ লাখ টিইউস পরিচালন করছে। চলতি বছরের মে মাসে রেকর্ড ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।

এছাড়া চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই কনটেইনার হ্যান্ডলিং চার্জ ৩৭ শতাংশ বৃদ্ধির সমালোচনা করেন তারা। এতে ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করা হয়। বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, বিদেশি কোম্পানির কাছে টার্মিনাল ইজারা দিলে বন্দরের আয় বিদেশে পাচার হবে। এর প্রতিবাদে আগামী ১ জুলাই বেলা ১১টায় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...