মোবাইল নেটওয়ার্কের মান যাচাইয়ে ২ হাজার কিমিতে ড্রাইভ টেস্ট

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ১১:৩২ পিএম
মোবাইল নেটওয়ার্কের মান যাচাইয়ে ২ হাজার কিমিতে ড্রাইভ টেস্ট

মোবাইল ফোনে কল ড্রপ বা ইন্টারনেটের ধীরগতির সমস্যা সমাধানে সরকার বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, গ্রাহকসেবার মান নিশ্চিত করতে ইতিমধ্যেই দেশব্যাপী প্রায় দুই হাজার কিলোমিটার এলাকায় ড্রাইভ টেস্ট সম্পন্ন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য প্রদান করেন। ফকির মাহবুব আনাম বলেন, মোবাইল অপারেটরদের সেবার মান উন্নয়ন ও গ্রাহকস্বার্থ সুরক্ষায় ‘কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্কিং সিস্টেম’ সংক্রান্ত পদ্ধতিমালা জারি করা হয়েছে, যার হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী জানান, চলতি বছরের শুরুতে জারি হওয়া নতুন নির্দেশিকার আলোকে এই ড্রাইভ টেস্ট পরিচালনা করা হয়। এর মাধ্যমে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক কভারেজ ও সেবার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দুর্বল নেটওয়ার্কের এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট অপারেটরদের উন্নয়নমূলক পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হবে। এছাড়া ঢাকা জেলাসহ দেশের অন্যান্য এলাকায়ও এই সেবার মানোন্নয়নে টেস্ট চালানো হবে।

তিনি আরও জানান, আধুনিক ও গ্রাহকবান্ধব টেলিযোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে। নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করতে পুরনো অবকাঠামো উন্নয়নেও কাজ করছে সরকার।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...