ঢাকার প্রধান সড়কে ব্যাটারি রিকশা বন্ধের ঘোষণা ডিএমপির

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুন ২০২৬ ১:১১ এএম
ঢাকার প্রধান সড়কে ব্যাটারি রিকশা বন্ধের ঘোষণা ডিএমপির

রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল শিগগিরই বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসাথে সড়ক থেকে ২০ বছরের পুরনো ও ফিটনেসবিহীন যানবাহনও অপসারণ করা হবে। নগরীর যানজট ও সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বুধবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এ তথ্য জানান। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) আওতায় ডিএমপি, ডিএনসিসি এবং গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

মো. আনিছুর রহমান বলেন, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। সড়কের বাম পাশের লেন সচল রাখা, উল্টোপথে যান চলাচল বন্ধ করা এবং নির্ধারিত স্থান ছাড়া গাড়ি পার্কিং বন্ধে তৎপর থাকতে হবে ট্রাফিক সদস্যদের। তিনি সব সড়ক ব্যবহারকারীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং যানবাহনে জিপিএস সিস্টেম চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আ স ম শামসুর রহমান ভূঁঞা জানান, বিমানবন্দর সড়ক, ৩০০ ফিট সড়ক এবং লেক রোডে শিগগির একটি পাইলট প্রকল্প চালু করা হবে। এতে গতিসীমা নিয়ন্ত্রণসহ সড়ক নিরাপত্তার সার্বিক বিষয় তদারকি করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...