সংসদে অর্থমন্ত্রী, দুর্যোগে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য বিশেষ তহবিল নেই
প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত প্রান্তিক আলু চাষিদের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কোনো বিশেষ অনুদান বা তহবিল গঠন করা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
সংসদ সদস্য আখতার হোসেন উল্লেখ করেন, রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলার আলু চাষিরা প্রাকৃতিক দুর্যোগের কারণে সব পুঁজি হারিয়ে এখন চরম আর্থিক সংকটের মুখোমুখি। এ অবস্থায় তারা আগামী মৌসুমে ফিরে আসতে না পারলে সরকার কি তাদের নগদ আর্থিক সহায়তা বা ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ দেওয়ার ব্যবস্থা করবে—এমন প্রশ্নের মুখোমুখি হন মন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ক্ষতিপূরণের জন্য নির্দিষ্ট কোনো তহবিল না থাকলেও সরকার কৃষি খাতের সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ও পল্লী খাতের জন্য ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার কোটি টাকা। এছাড়া গম ও ভুট্টা উৎপাদন বাড়াতে ১ হাজার কোটি এবং উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে।

