২৭তম বিসিএস: যোগদানের তারিখ ও বেতন নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা
২৭তম বিসিএস পরীক্ষার প্রথম ভাইভা ফলাফলের ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের চাকরির মেয়াদ, বেতন স্কেল ও পদমর্যাদা নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে অর্থ বিভাগ। গত ১৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক স্পষ্টীকরণপত্রে এই ৫৬৯ জন কর্মকর্তার যোগদানের তারিখ ও আর্থিক সুবিধার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে প্রেরণ করেছে।
অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, বিতর্কিত এই নিয়োগের ক্ষেত্রে কার্যকর যোগদানের তারিখ হিসেবে ২০০৮ সালের ১০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। যারা এর আগে থেকে সরকারি চাকরিতে নবম গ্রেডে কর্মরত ছিলেন এবং বেতন সংরক্ষণের শর্ত পূরণ করেছেন, তারা বিএসআর অনুযায়ী সুবিধা পাবেন। তবে সব ক্ষেত্রে চাকরির মেয়াদ গণনা করা হবে শুধুমাত্র পেনশনের সুবিধার জন্য। এছাড়া ২০০৬ সালের ১ জানুয়ারির আগের সময়ের জন্য কোনো বকেয়া আর্থিক সুবিধা প্রদানের সুযোগ নেই।
বেতন নির্ধারণের ক্ষেত্রে ২০০৮ সালের ৩০ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কাল বিবেচনায় নিয়ে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে মূল বেতন ধরা হবে। জাতীয় বেতনস্কেল ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুযায়ী এই হিসাব নির্ধারণ করতে বলা হয়েছে। অর্থ বিভাগের এই স্পষ্টীকরণের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় পদসমতা ও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে।

