বিরোধীদের আন্দোলনের সমালোচনায় সংসদে কোরআনের আয়াত পড়ে শোনালেন এমপি মাহফুজুল্লাহ
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও ষড়যন্ত্রের তীব্র সমালোচনা করেছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ। এ সময় তিনি পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করে বলেন, যারা অন্যায়ভাবে ষড়যন্ত্র করে তাদের পরিণতি কখনো শুভ হয় না কারণ আল্লাহ সব ষড়যন্ত্রের উর্ধ্বে।
বুধবার (২৪ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশনে তিনি বলেন, বাজেট ঘোষণার পর দেশে কোনো অস্থিরতা তৈরি হয়নি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়েনি। তিনি উল্লেখ করেন, চাল, তেল, পেঁয়াজ ও চিনির ওপর থেকে উৎসে কর কমানোর ফলে সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে। এমন পরিস্থিতিতে বিরোধীদের মিছিল-মিটিং ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টাকে তিনি গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী বলে অভিহিত করেন।
সরকারের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেটের প্রশংসা করে এই আওয়ামী লীগ সাংসদ বলেন, ৯ লাখ ৩১ হাজার কোটি টাকার এই বাজেট অর্থনীতির পুনরুদ্ধার ও স্থিতিশীলতার একটি সাহসী রূপরেখা। তিনি বাজেটের ‘রিকভারি, রেস্টোরেশন ও রেজিলিয়েন্স’ বা থ্রি আর কৌশলের পাশাপাশি ৪১ লাখ নারীপ্রধান পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’, শিক্ষাখাতে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ এবং ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় করমুক্ত রাখার সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন।

