এক ওয়েবসাইটেই ৬৪ জেলার ভ্রমণ গাইড, চালু হলো ট্রাভেলভার্সবিডি

প্রাইম বার্তা অনলাইন
১০ অক্টোবর ২০২৬ ১০:৫৮ এএম
এক ওয়েবসাইটেই ৬৪ জেলার ভ্রমণ গাইড, চালু হলো ট্রাভেলভার্সবিডি

দেশের ভ্রমণ অভিজ্ঞতাকে প্রযুক্তির ছোঁয়ায় এগিয়ে নিতে চালু হয়েছে নতুন এক ডিজিটাল ভ্রমণ প্ল্যাটফর্ম ‘ট্রাভেলভার্সবিডি’। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. পারভেজ কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে এটি নির্মাণ করেছেন। ভ্রমণ পরিকল্পনাকে সহজ করা এবং বিপদাপন্ন মুহূর্তে পর্যটকদের পাশে দাঁড় করানোই এর মূল লক্ষ্য।

travelversebd.com নামের ওয়েবসাইটটিতে দেশের ৬৪ জেলার পর্যটন গন্তব্য, বিস্তারিত ভ্রমণ নির্দেশিকা, বাজেট পরিকল্পনা এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি ও উৎসবের তথ্য একসঙ্গে সাজানো হয়েছে। রয়েছে ইন্টারঅ্যাকটিভ ট্রাভেল ম্যাপ, যার সাহায্যে পরিচিত স্থানের পাশাপাশি বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা কম পরিচিত দর্শনীয় স্থানও খুঁজে নেওয়া যাবে। আগে একাধিক ওয়েবসাইট ঘুরে যেসব তথ্য জোগাড় করতে হতো—কোথায় বেড়াতে যাওয়া ভালো, কোন মৌসুমে কোন জায়গা উপযোগী, খরচের হিসাব কীভাবে দাঁড় করানো যায়—সবকিছু এখন পাওয়া যাচ্ছে এক ঠিকানায়।

প্ল্যাটফর্মে বিশেষভাবে যুক্ত হয়েছে ‘কোন মাসে কোথায় যাবেন’ ফিচার, যা ঋতুভেদে সেরা গন্তব্য বেছে নিতে সহায়তা করে। এছাড়া গন্তব্যভিত্তিক রিয়েল-টাইম আবহাওয়া বার্তা, বিশেষ নিরাপত্তা সতর্কতা, ট্রিপ প্ল্যানিং ও বাজেট ক্যালকুলেটর, ভ্রমণের স্মৃতি সংরক্ষণের জন্য ডিজিটাল ট্রাভেল পাসপোর্ট ও ব্যাজ সিস্টেম এবং অভিজ্ঞ ভ্রমণকারীদের সঙ্গে মতবিনিময়ের ট্রাভেল কমিউনিটি ফোরামও রয়েছে। শিক্ষার্থী, সলো ট্রাভেলার কিংবা পরিবারের সদস্যদের নিয়ে যাত্রী—সবাই এই সুবিধা নিতে পারবেন।

ভ্রমণ প্রস্তুতির সময় মানুষ শুধু আনন্দের কথা ভাবলেও দুর্গম পাহাড়, বিস্তীর্ণ হাওর বা সাগরতীরে পথ হারানো, আকস্মিক অসুস্থতা বা দুর্ঘটনায় সেই আনন্দ উদ্বেগে পরিণত হয় জানিয়ে পারভেজ বলেন, এই মানবিক বাস্তবতা বিবেচনা করেই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে পরিকল্পিত জরুরি সহায়তা ব্যবস্থা। কেউ বিপদে পড়লে দ্রুত সহায়তার আবেদন পাঠাতে পারবেন, যা আশপাশে অবস্থানরত প্ল্যাটফর্মের অন্যান্য সদস্যের কাছে পৌঁছে যাবে। উদ্দেশ্য, বিপদগ্রস্ত পর্যটককে স্থানীয় সহায়তাকারীদের সঙ্গে তাৎক্ষণিকভাবে সংযুক্ত করা। তবে তিনি স্পষ্ট করেন, এই প্রযুক্তিগত ব্যবস্থা সরকারি জরুরি সেবা বা উদ্ধারকারী বাহিনীর বিকল্প নয়; জরুরি মুহূর্তে দ্রুত যোগাযোগের একটি অতিরিক্ত মাধ্যম মাত্র।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘স্মার্ট ট্রিপ প্ল্যানার’ সংযোজনের কাজ চলছে জানিয়ে ওয়েবসাইটটির নির্মাতা প্রত্যাশা করছেন, ট্রাভেলভার্সবিডি বাংলাদেশের রূপ ও সৌন্দর্যকে নতুন আঙ্গিকে তুলে ধরে দেশের পর্যটনখাতের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...