দীর্ঘ বিরতি শেষে ১১ ক্লাব নিয়ে মাঠে ফিরলো প্রথম বিভাগ হকি লীগ

প্রাইম বার্তা অনলাইন
১০ অক্টোবর ২০২৬ ১০:০৬ পিএম
দীর্ঘ বিরতি শেষে ১১ ক্লাব নিয়ে মাঠে ফিরলো প্রথম বিভাগ হকি লীগ

দেশের ঘরোয়া হকি পেয়েছে নতুন জীবন। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম বিভাগ হকি লীগ-২০২৬-এর আনুষ্ঠানিক সূচনা করেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান অতিথির বক্তব্যে বিমানবাহিনী প্রধান ঘরোয়া হকি লীগ ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার আশা প্রকাশ করেন। একই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনকে সামনে এগিয়ে নিতে সরকারের নেওয়া সময়োপযোগী উদ্যোগের জন্য কৃতজ্ঞতাও জানান তিনি।

লীগ নিয়মিত রাখতে ক্লাব ও স্পন্সর প্রতিষ্ঠানগুলোর কাছে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্রীড়ায় ফেয়ার প্লে আর শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। এসময় খেলোয়াড়দের প্রতি সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ ধরে রাখার নির্দেশনা দিয়ে তিনি লীগের উদ্বোধন ঘোষণা করেন।

এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ১১টি দল। এসব ক্লাবের মধ্যে রয়েছে ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি এসসি, কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলার্স এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডার্স, রায়ের বাজার এসসি ও ঢাকা ইয়াং স্টার ক্লাব।

দীর্ঘদিন পর ঘরোয়া হকির মাঠে প্রত্যাবর্তনে খেলোয়াড় ও হকিপ্রেমীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, লীগ নিয়মিত আয়োজনের ফলে দেশের হকিতে গড়ে উঠবে সুস্থ প্রতিযোগিতা এবং তরুণ খেলোয়াড়দের দক্ষতা প্রদর্শনের পথ প্রশস্ত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, হকি ফেডারেশনের কর্মকর্তারা এবং অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রতিনিধি ও খেলোয়াড়েরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...