১২ অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

প্রাইম বার্তা অনলাইন
১০ অক্টোবর ২০২৬ ২:৫৪ পিএম
১২ অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহে নামছে সরকার। কর্মসূচিটি সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠিয়ে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে দেশের সব মসজিদে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় কর্মসূচির বার্তা পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। চিঠিতে বলা হয়, ১২ অক্টোবর থেকে সব এলাকায় একযোগে খানা বা পরিবারের তথ্য সংগ্রহের কাজ চালু হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬ প্রস্তুত করা হয়েছে।

ধর্মীয় প্রতিষ্ঠানে পাঠানো বার্তায় জানানো হয়েছে, সরকারের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা ঘরে ঘরে গিয়ে পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঠিক করা হবে কোন পরিবারের সহায়তা সবচেয়ে জরুরি।

বার্তায় সত্য তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ইচ্ছেমতো তথ্য কম-বেশি করলে প্রকৃত অভাবী পরিবারের অধিকার ক্ষুণ্ন হতে পারে। এ ছাড়া সতর্ক করে বলা হয়েছে, টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দিলে কাউকে বিশ্বাস করতে হবে না, কারণ তথ্য প্রদানে কোনো অর্থ লাগে না। প্রতারণার তথ্য জানাতে ১০৯৮ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...