প্রশ্নফাঁসে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা এবার ১৬ অক্টোবর
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষা এবার অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায়। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় এই পরীক্ষা নেওয়ার সব আয়োজন সম্পন্ন থাকলেও শুরুর ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ায় তা বন্ধ করে দেওয়া হয়।
পরীক্ষা শুরুর পূর্বমুহূর্তে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নজরে আসলে সিদ্ধান্ত পাল্টে পরীক্ষা স্থগিত রাখে যুব উন্নয়ন অধিদপ্তর। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। রাজধানীর একাধিক এলাকায় বিক্ষোভ করার পাশাপাশি নীলক্ষেত এলাকায় অবরোধও টানেন বহু চাকরিপ্রত্যাশী।
নিয়োগ কমিটির আহ্বায়ক ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব ডিএম আতিকুর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ অক্টোবর সকাল ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। কিন্তু পরীক্ষা গ্রহণের আগেই প্রশ্নপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়। নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর বিকেল ৩টায়। পরীক্ষার্থীদের বিষয়টি এসএমএসের মাধ্যমে পুনরায় জানিয়ে দেওয়া হবে।
এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।

