বিশ্ব বসতি দিবসে প্রধানমন্ত্রীর হাতে ৩ দিনের আবাসন মেলার যাত্রা শুরু
বিশ্ব বসতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী আবাসন মেলার আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) দিবসটি ঘিরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি সম্মেলন কেন্দ্রের লবিতে মেলার উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
মেলায় আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন নানা দপ্তর ও সংস্থা অংশ নিচ্ছে। এর আগে ওই দিন সকালে মন্ত্রণালয়টির ব্যবস্থাপনায় ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন এবং পরিকল্পিত ও টেকসই নগরায়ণের প্রতি জোর দেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। এ সময় বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশেষ সহকারী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

