কার্গো রপ্তানি ঘিরে রেলের আয় বাড়ানোর তাগিদ সংসদীয় কমিটির

প্রাইম বার্তা অনলাইন
০৫ অক্টোবর ২০২৬ ১২:৪০ এএম
কার্গো রপ্তানি ঘিরে রেলের আয় বাড়ানোর তাগিদ সংসদীয় কমিটির

বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে কার্গো রপ্তানির ওপর জোর দেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পাশাপাশি রেলখাতকে ঘাটতির মোকাবিলা করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশও দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সুপারিশ ও নির্দেশনা এসেছে।

বৈঠকে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়িয়ে রেলের আয় বৃদ্ধির জন্য রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। এতে রেলপথ মন্ত্রী ও কমিটির সদস্য শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী ও সদস্য হাবিবুর রশিদ ছাড়াও কমিটির সদস্য মো. আব্দুল মহিত তালুকদার, ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, মো. আবু সাইদ চাঁদ, মো. রবিউল আওয়াল, মু. মিজানুর রহমান, মুহাম্মদ আজীজুর রহমান ও মো. গোলাম রব্বানী অংশ নেন।

বৈঠকের শুরুতে সভাপতি মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয়। অভ্যুত্থানে আহতদের প্রতি সহমর্মিতাও প্রকাশ করা হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম, রেল পরিদর্শন অধিদপ্তর এবং কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সংক্রান্ত তথ্যাদি উপস্থাপন করা হয়। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও তার অগ্রগতিও পর্যালোচনা করা হয়। এসময় রেলের বিদ্যমান ডিজিটাল পরিষেবা, স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও বৃদ্ধির পদক্ষেপ, টিকিট কালোবাজারি রোধে গৃহীত ব্যবস্থা এবং পঞ্চগড়-কক্সবাজার প্রস্তাবিত রুটের অগ্রগতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...