নয় জেলায় একযোগে শুরু হলো জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ

প্রাইম বার্তা অনলাইন
০৪ অক্টোবর ২০২৬ ৫:৪২ পিএম
নয় জেলায় একযোগে শুরু হলো জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ

দেশজুড়ে একযোগে চালু হলো জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর বিশেষ উদ্যোগ। যুবশক্তি উন্নয়ন ও জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি পাইলট প্রজেক্টের প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্ব শুরু হয়েছে রোববার (৪ অক্টোবর)। দেশের নয়টি জেলায় একই দিনে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

ঢাকার সাভার ছাড়াও টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও রাজশাহীতে একসঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে। সাভারের বাইপাইলে অবস্থিত বিএনসিসি ট্রেনিং একাডেমিতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। এসময় সেনা, নৌ ও বিমানবাহিনীসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা প্রশিক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করে প্রশিক্ষণার্থীদের আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাসের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এভাবেই নিজেদের সক্ষমতা বৃদ্ধি সম্ভব বলে তিনি মনে করেন।

এই কর্মসূচির আওতায় বিএনসিসি ও আনসার-ভিডিপির সদস্যরা নিজ নিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সক্ষমতা বৃদ্ধির নানা বিষয়ে প্রশিক্ষণ পাবেন। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে আনসার-ভিডিপি ও স্কাউটসের সদস্যদের জন্য রয়েছে বেসামরিক প্রতিরক্ষা বিষয়ে সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ।

পাইলট প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সম্পূর্ণ সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণের প্রত্যাশা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ দেশের নিরাপত্তা কাঠামোকে আরও সুসংহত করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...