জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী চত্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের নামে একটি ‘ফ্যাসিবাদবিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সংস্কারকৃত কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীনের অনুরোধের প্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সিটি করপোরেশন এই মিলনায়তনটি সংস্কার ও আধুনিকায়ন করে।
প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম আরও ঘোষণা করেন, ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীদের হাতে। তিনি বলেন, সিপাহি বিপ্লবের স্মৃতি ধারণ করা বাহাদুর শাহ পার্কের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা অবহেলা ও অব্যবস্থাপনায় নিষ্প্রভ হয়ে থাকতে পারে না। এটিকে সম্মানজনকভাবে সংরক্ষণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক বিকাশের বিষয়টি বিবেচনা করে ধূপখোলা মাঠ খেলাধুলার জন্য যথাযথভাবে বরাদ্দের ঘোষণাও দেন তিনি। একইসঙ্গে পুরান ঢাকাকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক বিপ্লবের নেতৃত্ব দিতে জবিকে আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।
নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের আচরণ অনুসরণ করে সাধারণ মানুষ। ডেঙ্গু প্রতিরোধ এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা নেওয়া প্রয়োজন; ঢাকা শহরকে বাঁচাতে তাদেরকেই এগিয়ে আসতে হবে। উপাচার্য অধ্যাপক রইছ উদদীনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন উপস্থিত।

