৬৪ জেলার কতটা ঘুরেছেন আপনি? কয়েক ক্লিকেই বানান নিজের ভ্রমণ ম্যাপ

প্রাইম বার্তা অনলাইন
০৫ অক্টোবর ২০২৬ ১০:১১ এএম
৬৪ জেলার কতটা ঘুরেছেন আপনি? কয়েক ক্লিকেই বানান নিজের ভ্রমণ ম্যাপ

পাহাড়, সমুদ্র, নদী কিংবা হাওর—৬৪ জেলার প্রতিটি অঞ্চলেরই রয়েছে আলাদা বৈশিষ্ট্য আর গল্প। তবে বছরের পর বছর ঘুরে বেড়ানোর পরও অনেকের কাছেই স্পষ্ট হিসাব থাকে না, এ পর্যন্ত কোন কোন জেলায় পা পড়েছে আর কোথায় যাওয়া হয়নি। এই হিসাবটি এক নজরে দেখিয়ে দিচ্ছে একটি অনলাইন ভ্রমণ ম্যাপ, যা সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ব্যবহারকারীরা নিজেদের তৈরি ম্যাপ টাইমলাইনে শেয়ার করে জানাচ্ছেন দেশের কতগুলো জেলা ঘুরেছেন আর কয়টি বাকি রয়ে গেছে।

unseenbangladesh.com ওয়েবসাইটে ঢুকলেই মাত্র কয়েক ধাপে এমন ম্যাপ বানানো যায়। ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিন বাংলাদেশকে ভালোবাসা দিয়ে এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন। সাইটে আটটি বিভাগের অধীনে সাজানো ৬৪ জেলার তালিকা থেকে ভ্রমণ করা জেলাগুলো ক্লিক করে বাছাই করতে হয়। চাইলে পাশের বাংলাদেশের মানচিত্রে সরাসরি ক্লিক করেও জেলা নির্বাচন করা যায়, এমনকি নাম লিখে খুঁজে নেওয়ার সুবিধাও আছে। বাছাই করা জেলার সংখ্যা সঙ্গে সঙ্গে দেখাবে—যেমন ১০টি জেলা ঘোরা থাকলে হিসাব দাঁড়াবে ১০/৬৪। সবগুলো একসঙ্গে নেওয়ার জন্য ‘সব বাছাই করুন’ এবং নতুন করে শুরু করার জন্য ‘সব মুছুন’ অপশনও রয়েছে।

ম্যাপটিকে ব্যক্তিগত রঙে সাজানোর সুযোগও রয়েছে। সাইটে দেওয়া পাঁচটি থিমের মধ্য থেকে পছন্দের একটি বেছে নিয়ে ম্যাপের চেহারা দেখে নেওয়া যায়। এর সঙ্গে নিজের ছবি যুক্ত করা যায়, আর নাম লেখাটা ঐচ্ছিক—নাম দিলে ম্যাপের ওপরে তা ভেসে উঠবে, না দিলে ‘আমার বাংলাদেশ’ কথাটি দেখাবে।

সবকিছু শেষ করে ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অংশ থেকে ম্যাপটি পিএনজি, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে নামিয়ে নেওয়া যাবে। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি যেসব জেলায় এখনো যাওয়া হয়নি, সেগুলোতে যাওয়ার পরিকল্পনাও করা যেতে পারে। একই সাইটে বিশ্ব ম্যাপের ব্যবস্থাও আছে, যেখান থেকে আন্তর্জাতিক ভ্রমণের হিসাবও একইভাবে রাখা সম্ভব।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...