ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নির্মম বোমা হামলার হুমকি দিয়ে পাঠানো ই-মেইলের জেরে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে প্রতিষ্ঠানটিতে অতিরিক্ত পুলিশ নিয়োজিত রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।
জানা গেছে, গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি আইডি থেকে পাঠানো বার্তায় মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় একাধিক বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে ওই ই-মেইলে লেখা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখ যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর বেলা ১১টার দিকে এই হামলা করা হবে।’
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই সেখানে বাহিনী মোতায়েন করা হয়েছে এবং মঙ্গলবার পুলিশের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। তার ভাষায়, থানা পুলিশের পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থা ঘটনাটির অনুসন্ধান চালাচ্ছে। এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে এবং ই-মেইলটির উৎস শনাক্তে কাজ করছে ডিবির সাইবার টিম।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক লিখিত বক্তব্যে জানায়, ‘এই ধরনের একটি অজ্ঞাত ই-মেইল আমরা পেয়েছি। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এরইমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।’
তবে ঘটনাটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান। তিনি বলেন, এটি পোটেনশিয়াল কোনো হুমকি নয়। মঙ্গলবার সকালের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে রয়েছে বলেও জানা গেছে।

