১৫ বছর পর এক পর্দায় শাহরুখ-কারিনা! ‘কিং’ সিনেমায় ক্যামিওর গুঞ্জন
বলিউডের অন্যতম আলোচিত জুটি শাহরুখ খান ও কারিনা কাপুরকে বড় পর্দায় একই ক্যানভাসে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে, তাও আবার ১৫ বছরের বিরতির পর। বাদশাহর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে অথবা ক্যামিও ভূমিকায় থাকতে পারেন কারিনা। তবে প্রযোজকদের তরফে এ বিষয়ে এখন পর্যন্ত সরকারি ঘোষণা আসেনি।
শাহরুখ ও কারিনা সর্বশেষ একসঙ্গে কাজ করেন ২০১১ সালের সাই-ফাই ছবি ‘রা ওয়ান’-এ। তার আগে ‘কাভি খুশি কাভি গাম’ এবং ‘ডন’ সিনেমায় অভিনয় দিয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল এই জুটি। এত দিন পর সম্ভাব্য পুনর্মিলনের সংবাদে বলিপাড়ায় চলছে জোর আলোচনা, উত্সাহ বেড়েছে ভক্তদের মধ্যেও।
‘ড্যাডি কুল’ শিরোনামের একটি গানে দুই তারকাকে একেবারে আলাদা লুকে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে, যে গানে সুর দিয়েছেন জনপ্রিয় সংগীতকার জুটি শচীন-জিগার। গানটির শুটিংয়ের জন্য চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার পথে রওনা দেওয়ার কথা রয়েছে কারিনার। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সেই শুটিংয়ে অভিনেত্রী সময় বরাদ্দ করেছেন পাঁচ দিনের।
তবে ‘কিং’-এ কারিনার উপস্থিতি এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি, তাই শেষ পর্যন্ত তাঁকে ছবিতে দেখা যাবে কি না, জানতে অপেক্ষায় থাকতে হবে দর্শকদের। এদিকে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় নির্মাণাধীন ছবিটিতে শাহরুখের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খানসহ আরও কয়েকজন তারকা। সিনেমাটি ঘিরে দর্শকদের কৌতূহল তাই এখন তুঙ্গে।

