ঢাকায় এশিয়ার ৮ দেশের তরুণদের রাসায়নিক নিরাপত্তা প্রশিক্ষণ শুরু

প্রাইম বার্তা অনলাইন
০৬ অক্টোবর ২০২৬ ৬:৫০ পিএম
ঢাকায় এশিয়ার ৮ দেশের তরুণদের রাসায়নিক নিরাপত্তা প্রশিক্ষণ শুরু

রসায়নের দায়িত্বশীল ও নিরাপদ ব্যবহারে এশিয়া অঞ্চলের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে রাজধানী ঢাকায় শুরু হয়েছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা। মঙ্গলবার (৬ অক্টোবর) হোটেল রেডিসন ব্লুতে এই কর্মসূচির সূচনা হয়, যা ৮ অক্টোবর পর্যন্ত চলবে।

রাসায়নিক অস্ত্র কনভেনশনের যৌথ পরিকল্পনা ও বাস্তবায়ন হিসেবে অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স এবং বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ কর্মশালাটির আয়োজন করেছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুরো প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এতে বাংলাদেশসহ এশিয়ার আটটি দেশ থেকে আসা ১৭ জন প্রশিক্ষণার্থী এবং দেশি-বিদেশি পাঁচজন প্রশিক্ষক অংশ নিচ্ছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও রাসায়নিক শিল্পখাতে দায়িত্বশীল বিজ্ঞানচর্চার সংস্কৃতি প্রতিষ্ঠাই এসব কর্মসূচির মূল লক্ষ্য। তরুণদের মধ্যে রসায়নের শান্তিপূর্ণ ব্যবহার, নিরাপদ গবেষণা ও সচেতনতা তৈরিতে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশে-বিদেশের প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের পাশাপাশি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ অঞ্চলজুড়ে রাসায়নিক নিরাপত্তা সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ বিজ্ঞানচর্চার পথ প্রশস্ত করতে সহায়ক হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...