চমেক এলাকায় অভিযান: পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১ অক্টোবর) অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে সিএমসি ক্যাফেকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা তরকারি একই ফ্রিজে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, রান্না ও পরিবেশনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই ধরনের অনিয়মের দায়ে চতুর্থ শ্রেণির কর্মচারী ক্যান্টিনকেও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে; এ ছাড়া সেখানে বিক্রির দইয়ে মেয়াদ উল্লেখ না থাকাও ধরা পড়ে।
মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডাব বিক্রির অভিযোগে মেডিকোপ সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অননুমোদিত বিদেশি ওষুধ বিক্রির দায়ে জেবিএল সার্জিক্যাল ইউনিট-২ কে ২৫ হাজার টাকা ও স্বপ্না মেডিকেল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানিয়েছেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়মে জড়িত প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়াই অধিদপ্তরের লক্ষ্য।

