পৈতৃক বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের নিরাপত্তা চান রাজু

প্রাইম বার্তা অনলাইন
০২ অক্টোবর ২০২৬ ১০:৫৯ এএম
পৈতৃক বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের নিরাপত্তা চান রাজু

রাজধানীর কোটয়ালী থানার কোর্ট হাউজ স্ট্রিটের বাসিন্দা আনিসুল বারী রাজু ঢাকা আইনজীবী সমিতির বিরুদ্ধে তার পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা এবং বাড়ি ভাঙচুরের হুমকির অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বাড়ি ও পরিবারের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মেয়ে তানজীন বারী খুশী।

রাজুর দাবি, তার বাবা এম এ আওয়াল ১৯৬১ সালের বায়না চুক্তির ভিত্তিতে দেওয়ানি আদালতে মামলা করেন এবং রায় ও ডিক্রির ভিত্তিতে ১৯৬৬ সালের ১৪ ডিসেম্বর সাফ-কবলা দলিলে সম্পত্তিটি রেজিস্ট্রি করেন। নামজারি ও আরএস জরিপেও সম্পত্তিটি তার বাবার নামে রেকর্ডভুক্ত হয়। বাবার মৃত্যুর পর রাজু ও তার তিন ভাই-বোন ১৯৬৬ সাল থেকে ৮/১ কোর্ট হাউজ স্ট্রিটের এই বাড়িতে বসবাস করে আসছেন।

গত ২২ সেপ্টেম্বর অর্পিত সম্পত্তি শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেটের দপ্তরে এক বৈঠকে প্রথম জানা যায়, তার হোল্ডিংয়ের ৩৯১ অযুতাংশ সম্পত্তি অর্পিত সম্পত্তির ‘ক’ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। আরএস ও সিটি জরিপে পরিবারের সদস্যদের নামে রেকর্ড এবং নিয়মিত খাজনা পরিশোধের কারণে বিষয়টি আগে জানার সুযোগ পাননি বলে জানান তিনি। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করলে বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি কাজী ওলিউল ইসলামের বেঞ্চ গত ৩০ সেপ্টেম্বর রুল জারি করেন; শুনানিতে ঢাকা আইনজীবী সমিতির পক্ষও অংশ নেয় বলে দাবি করেন রাজু।

তবে রুল জারির পরও বাড়ি ভাঙচুর ও চেম্বার ছাড়ার হুমকি চলছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, বাড়ির পশ্চিম পাশে ৮ নম্বর হোল্ডিংয়ের অর্পিত সম্পত্তি লিজের জন্য সমিতি জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে এবং পুরোনো স্থাপনা অপসারণে তার বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বারবার অনুরোধ সত্ত্বেও উন্নয়ন কাজ বাইরে থেকে পরিচালনা না করায় উদ্বেগ বাড়ছে বলে জানান তিনি।

নিরাপত্তাহীনতার কারণে গোপনে বাড়ি ছাড়তে হচ্ছে বলে দাবি করে আনিসুল বারী রাজু বলেন, আমি ঢাকা আইনজীবী সমিতির উন্নয়ন কাজের বিরুদ্ধে নই। আমি শুধু আমার সম্পত্তি, বাড়ি ও পরিবারের নিরাপত্তা চাই। স্ত্রী, মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা হুমকির কারণে আতঙ্কে রয়েছেন উল্লেখ করে তিনি দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...