দাম্পত্য জীবনে স্ত্রীর আয়: স্বামীর জানার অধিকার নাকি বাধ্যবাধকতা?
একসময় সংসারের একমাত্র রোজগারকারী ব্যক্তি ছিলেন স্বামী মাত্র। কিন্তু সময়ের বিবর্তনে সেই ধারা বদলে গেছে। বর্তমানে নারীরাও পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে কর্মক্ষেত্রে নিয়োজিত এবং অনেক ক্ষেত্রে স্ত্রীর আয় স্বামীর চেয়েও বেশি। এমন পরিস্থিতিতে দাম্পত্য জীবনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—স্ত্রীর আয়ের পরিমাণ কি স্বামীর জানা প্রয়োজন? নাকি এটি একান্তই স্ত্রীর ব্যক্তিগত বিষয়?
আইন ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্ত্রীর আয়ের হিসাব স্বামীকে জানানোর কোনো বাধ্যবাধকতা নেই। স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর ওপরই বর্তায়, যা স্ত্রীর উপার্জন করা সত্ত্বেও বহাল থাকে। স্ত্রীর উপার্জিত অর্থের একক মালিক তিনি নিজেই। তার ইচ্ছার বিরুদ্ধে স্বামী যদি ওই অর্থ দাবি করেন বা জোর করে খরচ করেন, তবে তা কোনোভাবেই উচিত নয়। তবে স্ত্রী নিজের স্বেচ্ছায় সংসারের খরচে অর্থ দিতে পারেন, যা পারস্পরিক সম্মতির ওপর নির্ভর করে।
সুখী দাম্পত্য জীবনের জন্য অর্থনৈতিক স্বচ্ছতা জরুরি হলেও জবরদস্তি মোটেও কাম্য নয়। অনেক দম্পতি বন্ধুর মতো খোলামেলা আলোচনা করে সংসার পরিচালনা করেন, যা বিশ্বাস বাড়ায়। কিন্তু যদি স্বামীর জানা মানেই স্ত্রীর ওপর আর্থিক নিয়ন্ত্রণ স্থাপন করা, তবে তা সম্পর্কের টানাপোড়েন তৈরি করতে পারে। এমনকি এই বিষয়টি দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটিয়ে বিবাহবিচ্ছেদের দিকেও নিয়ে যেতে পারে। তাই পারিবারিক শান্তির স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা উত্তম।

