জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির চালিকাশক্তি: চসিক মেয়র

প্রাইম বার্তা অনলাইন
০৫ আগস্ট ২০২৬ ৮:১৫ পিএম
জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির চালিকাশক্তি: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিরা জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এবং গৌরবের প্রতীক। তাদের এই মহান আত্মত্যাগ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে ভবিষ্যতেও জাতিকে অনুপ্রাণিত করবে। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, এই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের অর্জন নয়, এটি ছিল ছাত্র, শ্রমিক ও সর্বস্তরের মানুষের সম্মিলিত আন্দোলন। দীর্ঘদিন ধরে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার সংগ্রাম এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাই এই আন্দোলনের মূল চালিকাশক্তি ছিল। এ সময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে তাদের আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। মেয়র বলেন, আমাদের শপথ নিতে হবে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...