স্টার্টআপ বাংলাদেশের ইতিহাস, পালসটেকের মাধ্যমে প্রথম সফল এক্সিট
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। সরকারি উদ্যোগে গঠিত একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ তাদের বিনিয়োগকৃত প্রতিষ্ঠান পালসটেক লিমিটেডের মাধ্যমে প্রথমবারের মতো সফল এক্সিট বা বিনিয়োগ প্রত্যাহার সম্পন্ন করেছে। এটি দেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য করা হচ্ছে।
গত মঙ্গলবার (৪ আগস্ট) আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই এক্সিট প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশের চেয়ারম্যান মো. মামুনুর রশীদ ভূঁঞা এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নূরুল হাই। এছাড়া পালসটেকের সহ-প্রতিষ্ঠাতা আরেফীন রাফী আহমেদ ও কাজী আশিকুর রসুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই অর্জন প্রসঙ্গে আইসিটি সচিব মো. মামুনুর রশীদ ভূঁঞা বলেন, স্টার্টআপ বাংলাদেশ গঠনের মূল লক্ষ্য ছিল উদ্যোক্তা তৈরির মাধ্যমে উদ্ভাবননির্ভর অর্থনীতির প্রসার ঘটানো। প্রথম এক্সিট অর্জন প্রতিষ্ঠানটির একটি প্রাতিষ্ঠানিক সাফল্য এবং দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের পরিণতির প্রমাণ। স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নূরুল হাই জানান, বিনিয়োগ থেকে এক্সিট করার অর্থ হলো না যে প্রতিষ্ঠাতাদের সাথে তাদের সম্পর্কের সমাপ্তি। ভবিষ্যতেও তারা প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

