রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলায় দুঃখ রাষ্ট্রপতির, বললেন-অত্যন্ত লজ্জাজনক
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা এবং অশালীন স্লোগান দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। তিনি বলেছেন, কোনো বক্তব্যের সময় মধ্যে ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা রাষ্ট্রীয় প্রোটোকলের পরিপন্থী এবং এটি শেখার বিষয় যে এটি কোনোভাবেই মানানসই নয়। বিদেশি অতিথিদের সামনে এমন আচরণে তিনি গভীরভাবে ব্যথিত হয়েছেন বলেও জানান।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সরকারি ডকুমেন্টারি প্রদর্শনের সময় জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি না থাকাকে কেন্দ্র করে সেখানে হট্টগোল শুরু হয়।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, মানুষের পক্ষে ভুল হওয়াটা স্বাভাবিক, তবে সবাই মিলে সেটা শুধরে নেওয়া সম্ভব। কিন্তু বিদেশি অতিথিদের সামনে এভাবে নাস্তানাবুদ হওয়া তাকে খুবই কষ্ট দিয়েছে। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান উভয়ের লক্ষ্যই ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দেশে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা থাকলে সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

