পাঁচ মাসে জনজীবনে সংকট, দুর্নীতির অভিযোগ গোলাম পরওয়ারের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যেই দেশে জনদুর্ভোগ ব্যাপকভাবে বেড়েছে এবং সর্বত্র দুর্নীতির সিন্ডিকেট প্রভাব বিস্তার করেছে। সোমবার (৩ আগস্ট) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন এবং লুটপাট, চাঁদাবাজি ও দলীয়করণের মাধ্যমে জনগণের ওপর চাপ সৃষ্টির কথা তুলে ধরেন।
এই সাবেক এমপি বর্তমান অর্থনীতির নানা দিক তুলে ধরে বলেন, গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং লোডশেডিং এখন ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি উল্লেখ করেন, রান্নার কাজে হাড়ি-পাতিল নিয়ে রাস্তায় নেমে নারীদের বিক্ষোভ প্রমাণ করে যে পরিস্থিতি নাজুক। অন্যদিকে গ্যাসের দাম বাড়লেও উৎপাদন কমছে এবং নতুন কূপ খনন বা উত্তোলনে সরকারের কোনো পদক্ষেপ নেই। এলপিজির মূল্য বৃদ্ধির প্রভাবেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সিএনজি স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকটের কারণে যানবাহন চালক ও যাত্রী সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন।
বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনারও সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ২০২৬ সালে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এবং প্রকৃত ব্যবহার না হলেও ভুতুড়ে বিলের মাধ্যমে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে। চাল, ডাল, চিনি, কাঁচা মরিচ ও আলুর মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত এবং বিরোধী দলকে দমনে মনোযোগী, অথচ জুলাই সনদের ভিত্তিতে গণভোট ও সমতাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার দাবিতে আন্দোলনরতদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ সময় অন্যান্যের মধ্যে মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন উপস্থিত ছিলেন।

