জুলাই ৩৬ দিনের নয়, ১৭ বছরের সংগ্রামের বাস্তবতা: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৯ আগস্ট ২০২৬ ১০:১৪ পিএম
জুলাই ৩৬ দিনের নয়, ১৭ বছরের সংগ্রামের বাস্তবতা: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আয়ম খান বলেছেন, চলমান জুলাই আন্দোলন মূলত ৩৬ দিনের ঘটনা নয়, এর ধারাবাহিকতা ১৭ বছর ধরে চলে আসছে। তিনি বলেন, দেশ থেকে যেদিন গণতন্ত্র হরণ করা হয়েছিল, সেদিন থেকেই গণআন্দোলনের সূচনা হয়। গতকাল রোববার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই আন্দোলনের সাফল্য সারা দেশের ১৮ কোটি মানুষের। তবে এই দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ‘অগ্নিঝরা জুলাইয়ে চিকিৎসকদের অবদান’ শীর্ষক এই অনুষ্ঠানে ডকটরস রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটি এবং প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি যৌথভাবে আয়োজন করে।

আহমেদ আয়ম খান জানান, জুলাইয়ের চেতনা ধারণ করে এই আন্দোলনে অংশগ্রহণকারীদের স্বীকৃতি দিতেই ‘জুলাই অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে। এখনো অনেক জুলাইযোদ্ধা এই স্বীকৃতির আওতায় আসেননি, তাদের অন্তর্ভুক্ত করতে সরকার কাজ করছে। একইসাথে গত ১৭ বছরের আন্দোলনে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের স্মরণ ও যথাযথ মূল্যায়নেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি সবাইকে অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ডা. সজীব সরকারের বাবা হালিম সরকার বকুল এবং সাংবাদিক সাহেদ আলম।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...