আদিবাসী অধিকার নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে আদিবাসীদের প্রতি সংহতি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার (৯ আগস্ট) বাংলাদেশ আদিবাসী ফোরামের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ সময় তিনি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো দাবি জানান।
ড. ইফতেখারুজ্জামান বলেন, আদিবাসী অধিকার প্রশ্নটি কোনো বিশেষ গোষ্ঠীর একার নয়, এটি সমগ্র জাতির মানবাধিকার ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। তিনি স্পষ্ট করে জানান, যতক্ষণ না দেশের আদিবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সার্বিক মানুষের অধিকার প্রতিষ্ঠা অসম্ভব। সরকারের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবে রূপ দিতে তাদের পরিচয় হিসেবে আদিবাসী শব্দটির স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের বিষয়ে টিআইবি প্রধান বলেন, দীর্ঘদিন পার হলেও চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি। এজন্য একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করে কাজ করা প্রয়োজন। এছাড়াও তিনি সেনাবাহিনীর বিশ্বজুড়ে শান্তিরক্ষা মিশনে সফলতার কথা তুলে ধরে বলেন, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব।
ভূমি অধিকার সংকট সমাধানে তিনি পার্বত্য ভূমি কমিশনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সমতলের আদিবাসীদের জন্য দ্রুত একটি পৃথক ভূমি কমিশন গঠনের পরামর্শ দেন। একইসঙ্গে প্রথাগত ভূমি মালিকানার আইনি স্বীকৃতি প্রদান করে কৌশলে আদিবাসীদের জমি দখল বা হস্তান্তর রোধে আইনি কাঠামো সংস্কারের ওপরও জোর দেন এই মানবাধিকার কর্মী।

