যাত্রী নিরাপত্তায় মেট্রোরেল স্টেশন ও পিয়ার পরিদর্শন ডিএমটিসিএল এমডির
রাজধানীর মেট্রোরেলে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে মতিঝিল, বিজয় সরণি ও আগারগাঁও স্টেশন পরিদর্শন করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম। গত সোমবার (২০ জুলাই) এই পরিদর্শনে তিনি সংসদ ভবন সংলগ্ন ৪২৩ নম্বর এবং আগারগাঁওয়ের ৩৪১ নম্বর পিয়ারও সরেজমিনে দেখেন। এসময় স্টেশনের নিচের ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ ও যাত্রীদের সুবিধা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
সেফটি অডিট কমিটির প্রতিবেদন ও আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই পরিদর্শন করা হয়। এসময় ম্যানলিফটের মাধ্যমে ৪২৩ নম্বর পিয়ারের বিয়ারিং প্যাড এবং ৩৪১ নম্বর পিয়ারের পিয়ার হেডে থাকা ক্র্যাক পরীক্ষা করা হয়। ডিএমটিসিএল জানায়, মেট্রোরেলের সব অবকাঠামো আন্তর্জাতিক মান মেনে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।
যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সেবার মান ধরে রাখতে রক্ষণাবেক্ষণ কাজের ওপর জোর দেন ডিএমটিসিএল এমডি। এসময় এমআরটি লাইন-১ এর প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দীন খান, ডিএমটিসিএলের পরিচালক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) মো. নজরুল ইসলাম, পরামর্শক প্রতিষ্ঠান এনকেডিএম অ্যাসোসিয়েশনের তাকায়ুকি ফুজিতোমি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

