সক্রিয় মৌসুমি বায়ু: আরও ৫ দিন বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

প্রাইম বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৬ ৯:১৯ এএম
সক্রিয় মৌসুমি বায়ু: আরও ৫ দিন বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

আগামী পাঁচ দিন দেশজুড়ে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টা অর্থাৎ আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বর্তমানে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং দেশের অন্যান্য অঞ্চলের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রোববার (২ আগস্ট) থেকে শুরু করে পরবর্তী তিন দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...