বিশ্ব শান্তি রক্ষায় সর্বজনীন দর্শন জরুরি: তথ্যমন্ত্রী স্বপন

প্রাইম বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৬ ৯:৪১ এএম
বিশ্ব শান্তি রক্ষায় সর্বজনীন দর্শন জরুরি: তথ্যমন্ত্রী স্বপন

মানুষের সাথে অন্যান্য প্রাণীর মূল পার্থক্য হলো তার দর্শন। সুস্পষ্ট দর্শনের ওপর ভিত্তি না করলে মানুষ তার মানবতা ও সভ্যতার পূর্ণ বিকাশ ঘটাতে পারে না। শনিবার (১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

মন্ত্রী জানান, মানুষ যখন জীবনযাত্রার মৌলিক সংগ্রাম থেকে কিছুটা স্বস্তি পায়, তখন তার মনে নতুন প্রশ্নের উদ্ভব হয়—’আমি কোথা থেকে এসেছি’ এবং ‘কোথায় যাব’। এই অনুসন্ধান থেকেই দর্শনের সূচনা। পরে বিভিন্ন ধর্মেও দর্শনের চর্চা শুরু হয়। তিনি বলেন, প্রতিটি ধর্মে মানবকল্যাণের শিক্ষা থাকলেও বিভিন্ন ব্যাখ্যার কারণে দার্শনিক বৈচিত্র্য তৈরি হয়েছে, যা মানবসভ্যতায় দর্শনচর্চার বহুমাত্রিকতা প্রমাণ করে।

বিশ্বশান্তি নিশ্চিত করতে মানবতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে একটি সর্বজনীন দর্শন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, বিশ্বের যেকোনো সংকটের সমাধান অনেকাংশে নির্ভর করে সমস্যাকে দেখার দৃষ্টিভঙ্গির ওপর। মানবিক দর্শন ধারণকারীরা সংকটের গঠনমূলক সমাধান খুঁজে পান, অন্যদিকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বিভাজন ও সংঘাত দীর্ঘায়িত করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...