চট্টগ্রামের ৫ উপজেলা মাস্টারপ্ল্যানে: ৩ হাজার ৫৮৮ কোটি টাকার প্রকল্প

প্রাইম বার্তা অনলাইন
০২ আগস্ট ২০২৬ ৮:৪২ এএম
চট্টগ্রামের ৫ উপজেলা মাস্টারপ্ল্যানে: ৩ হাজার ৫৮৮ কোটি টাকার প্রকল্প

রাজধানীর পর এবার চট্টগ্রামকে আধুনিক মেট্রোপলিটন হিসেবে গড়ে তুলতে বড় পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সংস্থাটি চট্টগ্রাম সিটি করপোরেশনের পাশাপাশি পাঁচটি উপজেলাকে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান (২০২৫-২০৫০)’-এর আওতায় আনার ঘোষণা দিয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন।

প্রকল্পের খসড়া প্রতিবেদন প্রস্তুত শেষ হয়েছে এবং রোববার (২ আগস্ট) থেকে নাগরিকদের মতামত গ্রহণ শুরু হবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৬০ দিন সবার মতামত নেওয়া হবে। এই পরিকল্পনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডসহ পার্শ্ববর্তী পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, হাটহাজারী ও রাউজান উপজেলার প্রায় এক হাজার ২৫৫ বর্গকিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারি অর্থায়নে তিন হাজার ৫৮৭ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে। ইতিমধ্যে প্রকল্পের ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে বাকি অংশ শেষ করার আশা করছে কর্তৃপক্ষ। এই মহাপরিকল্পনায় মোট ১৯টি খাতে ২৭৬টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবহন খাতে ১০১টি এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ২১টি প্রকল্প। এছাড়াও জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

নাগরিকদের মতামত গ্রহণের জন্য সিডিএ অফিস ভবনে সরাসরি উপস্থিতির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে চট্টগ্রাম একটি পরিকল্পিত ও আধুনিক মহানগরী হিসেবে রূপ নেবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...