খিলগাঁওয়ে তুলে নিয়ে নির্যাতন, মারা গেলেন ব্যবসায়ী দিপু
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকা থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়েছিল ব্যবসায়ী কামরুজ্জামান খান দিপুকে। নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। পুলিশ শনিবার সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালের মর্গ থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাসা থেকে বের হন দিপু। এরপর খিলগাঁও রেলগেট এলাকায় অজ্ঞাত ১০ থেকে ১২ জনের একটি দল তাকে তুলে নিয়ে ব্যাপক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আইসিইউ না থাকায় অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুগদা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই তিনি শনিবার মারা যান।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে মুগদা হাসপাতাল মর্গ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দিপুর বাবা সামসুউদ্দিন জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এর সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা।

