জাতীয় পুরস্কারজয়ী উদ্যোক্তার হাতে গড়া সবুজ গ্রাম বৃক্ষমেলায়
রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষ মেলার এক প্রান্তে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এক অন্যরকম সবুজের টানে। ‘গার্ডেনিং বাংলাদেশ’ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রকিবুল আমিন মেলা প্রাঙ্গণে গ্রাম বাংলার একটি বনকুটির নির্মাণ করেছেন, যা দেখলে মনে হবে যেন কোনো গ্রামের বাড়ির উঠোনে পা রাখা হয়েছে। শহরের যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে কিছুক্ষণ প্রকৃতির কোলে বিশ্রাম নেওয়ার সুযোগ তৈরি হয়েছে এখানে।
কুষ্টিয়ায় শৈশব কাটানো রকিবুল ছোটবেলা থেকেই গাছ ও বাগানের প্রতি অনুরক্ত ছিলেন। ঢাকায় উচ্চশিক্ষার জন্য এসে ঢাকা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর শহরের কংক্রিটের দেয়াল আর বৃক্ষবিহীন পরিবেশ তাকে নাড়া দেয়। তিনি বলেন, শহরের মানুষ যেন চার দেয়ালের মধ্যে আবদ্ধ। সবুজের এই অভাব থেকেই তার মনে হয়, শহরবাসীর ঘরে ঘরে প্রকৃতির ছোঁয়া পৌঁছে দিতে হবে।
এই স্বপ্ন বাস্তবায়নে তিনি ছাদ, বারান্দা, অফিস বা ঘরের কোণায় সামান্য জায়গা হলেও বাগান তৈরির উদ্যোগ নেন। তার এই অবদানের স্বীকৃতি হিসেবে গত মাসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার–২০২৫’ এ বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন শাখায় তাকে পুরস্কার প্রদান করে। বর্তমানে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলা মাঠে চলমান মেলায় তার এই অনন্য আয়োজন দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

