চট্টগ্রামে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ আয়োজন সফল করতে মেয়রের আহ্বান
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বুধবার (২৯ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এই আহ্বান জানান।
মেয়র জানান, জাতীয় এই ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে নগরীতে ব্যাপক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। বিমানবন্দর থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও স্টেডিয়াম পর্যন্ত সব গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে। লালখান বাজারসহ বিভিন্ন স্থানে ফুলের গাছ লাগানো এবং ক্ষতিগ্রস্ত স্টিল স্ট্রাকচারগুলো অপসারণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এজন্য সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় রক্ষা করে কাজ করা হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এছাড়া সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। সবাই মিলে এই আয়োজনকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

