ভারতের সাথে অস্বস্তি দূর করতে চায় ঢাকা, প্রধানমন্ত্রীর সফর পর্যালোচনায়

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুলাই ২০২৬ ৯:৩১ এএম
ভারতের সাথে অস্বস্তি দূর করতে চায় ঢাকা, প্রধানমন্ত্রীর সফর পর্যালোচনায়

প্রতিবেশী ভারতের সঙ্গে বর্তমানে যেসব ‘অস্বস্তি’ বিরাজ করছে, তা দ্রুত দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক সার্বভৌম সমতার ভিত্তিতে এগিয়ে নেয়ার প্রত্যয় দিয়েছেন দুই পক্ষই। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ বর্তমানে সরকার পর্যালোচনা করছে বলেও জানান তিনি।

বুধবার (২৯ জুলাই) রাজধানীতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এটি ছিল নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে মন্ত্রীর প্রথম বৈঠক। ড. খলিলুর রহমান জানান, এটি ছিল শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ, তাই এখানে কোনো বিশেষ বা বিস্তারিত কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়নি।

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সেটা এখন পর্যালোচনা করছি। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো এবং তাৎক্ষণিক জানানো হবে।’ এছাড়া সৌদি আরব সফর ও জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের বিষয়টিও সামগ্রিকভাবে দেখা হচ্ছে বলে জানান তিনি। সম্পর্ক রিসেট বা নতুন করে শুরুর বিষয়ে তিনি বলেন, পারস্পরিক স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থ বিবেচনায় রেখেই ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...