রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল ঘোষণায় স্পিকারের সঙ্গে বৈঠক চায় ইসি
আগামী রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুসারে তফসিল ঘোষণার পূর্বে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনার লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) তাঁর দপ্তরে চিঠি পাঠিয়েছে কমিশন। এই চিঠির মাধ্যমে স্পিকারের সুবিধাজনক সময়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাক্ষাতের আয়োজন করার অনুরোধ জানানো হয়েছে।
ইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইনের ৫ ধারার (২) ও (৩) উপ-ধারা অনুযায়ী নির্বাচন কমিশনকে স্পিকারের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করতে হবে। সাক্ষাতকালে সিইসির সঙ্গে অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব উপস্থিত থাকবেন। এছাড়াও ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম সহযোগী কর্মকর্তা হিসেবে উপস্থিত থাকবেন। এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সংসদ সদস্যদের ভোটের মাধ্যমেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য সংসদ সচিবালয় থেকে এমপিদের তালিকা ইসিতে পাঠাতে হবে, যার ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করে তফসিল ঘোষণা করবে কমিশন। সিইসি ও ভারপ্রাপ্ত স্পিকারের এই বৈঠকের মাধ্যমে সার্বিক প্রক্রিয়ার রূপরেখা চূড়ান্ত হবে বলে জানা গেছে।

